ফরিদপুরে আ. লীগ নেতার বিস্কুট কারখানায় আগুন দেওয়ার অভিযোগ
ফরিদপুরে এক আওয়ামী লীগ নেতার বিস্কুট কারখানায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
জেলার মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী অভিযোগ করেন, বুধবার ভোরে পৌরসভার পশ্চিম গোন্দারদিয়ায় তার ‘রাসেল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে’ আগুন দেওয়া হয়।
তিনি বলেন, “টিনের চালের ওপর আগুন ধরিয়ে দেওয়া হলে তা ছড়িয়ে পড়ে। পরে কারখানার শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুনে কারখানার একাংশসহ মালামাল পুড়ে গেছে জানিয়ে তিনি দাবি করেন, এতে তার প্রায় পাঁচ টাকার ক্ষতি হয়েছে।
“কারা এ ঘটনা ঘটাতে পারে সে বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হবে।”
মধুখালী থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, পৌরমেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
