২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত শিশু উদ্ধার, আটক ৭

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত এক শিশুকে ময়মনসিংহ থেকে উদ্ধারসহ সাতজনকে আটক করেছে র‌্যাব।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 03:09 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

র‌্যাব ১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের জানান, মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক লোককমান হোসেন (৪০), মো. ফুরকান খাদেম (৩০), মো. চান মিয়া (৩২), আজিজুল ইসলাম (২২), খাইরুল ইসলাম ইমন (২২), আলমগীর হোসেন (২২) ও এরশাদ আলীর (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায়।

র‌্যাব কর্মকর্তা জোবায়ের সাংবাদিকদের বলেন, গত ২৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমপুর এলাকা থেকে জিতু মিয়া (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়। এর দুই দিন পর তার বাবা আল-আমিন মিয়াকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

“আল-আমিন র‌্যাবকে জানান। অপহরণকারীরা ভৈরবের দুজর্য় মোড়ে টাকা নিতে এলে র‌্যাব দুই অপহরণকারীকে আটক করে।”

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের দেওয়া তথ্যমতে শিশুটিকে উদ্ধারসহ অন্য পাঁচজনকে ময়মনসিংহ থেকে আটক করা হয় বলে তিনি জানান।

অপহরণকারীদের বিজয়নগর থানায় দেওয়া হয়েছে বলেও তিনি জানান।