ঝিনাইদহে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুব আলি বলেন, মঙ্গলবার সকালে ভাটই গ্রামে সংঘর্ষে এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
আহতদের সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি আইয়ুব বলেন, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি এ রাজু ও ইউনিয়ন যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
“উজ্জ্বলের সমর্থকরা রোববার রাতে রাজুর সমর্থক আসাদকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।”
ওসি আইয়ুব বলেন, এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
