২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাটি চাপায় ২ শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলের ভেতরে মাটি চাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 09:51 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

উপজেলার মাওনা এলাকায় ‘হামীম স্পিনিং মিলে’ সোমবার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার আপন (২৪) ও মুজিবুর রহমান (২৫)।

আহতরা হলেন কুড়িগ্রামের আল ইমরান (৫৫), সাব্বির (২৫) এবং পঞ্চগড়ের ইমরান (২৫)।

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, কারখানার ভেতরে ইটিপি নির্মাণের কাজ চলছিল। দুপুরে নির্মাণ শ্রমিকরা প্রায় ৩৫ ফুট গভীর গর্তে বসে রড বাঁধার কাজ করছিলেন।

“এক পর্যায়ে গর্তের এক পাশের মাটি ধসে পাঁচজন শ্রমিক চাপা পড়েন। অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আপন ও মুজিবুরকে মৃত ঘোষণা করেন।”

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় কারখানার মানবসম্পদ বিভাগের নির্বাহী পরিচালক আব্দুল ওয়াদুদের মোবাইলে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।