পঞ্চগড়ে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন
পঞ্চগড়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এক বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত শামীম হোসেনের (৩২) বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়।
যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ১২ জানুয়ারি শামীম তার স্ত্রী জাহানারা বেগমকে মারধরের এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই আকবর আলী ওই রাতেই শামীম, তার বাবা আমির হোসেন ও মা আলিমন বেগমকে আসামি করে পঞ্চগড় থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পঞ্চগড় থানার এসআই ভবেশ চন্দ্র পাল ওই বছরের ২৩ এপ্রিল আদালতে শুধু শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
