২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ২০০ স্টেডিয়াম নির্মাণ হবে: প্রতিমন্ত্রী রাসেল

বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম নির্মাণ অব্যাহত থাকবে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশে আরও দুইশ স্টেডিয়াম করা হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 11:03 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

রোববার গাজীপুরের টঙ্গীতে এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখার জন্য খেলাধুলাও একটা বড় মাধ্যম। অলস সময়টুকু যদি কেউ খেলাধুলার কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই সে খারাপ কাজ থেকে দূরে থাকবে।

“জেলা পর্যায়ের পর এখন আমরা উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা ১৩১টি স্টেডিয়াম নির্মাণ করেছি। এ অর্থ বছরে উপজেলা পর্যায়ে আরও ২০০ স্টেডিয়াম নির্মাণের টার্গেট নিয়েছি।”

পাশপাশি প্রতিটি উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করছেন জানিয়ে রাসেল বলেন, ওই কমপ্লেক্সে একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রও থাকবে; যার মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

রাসের বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে যুব অধিদপ্তর রয়েছে তা আলাদা করে একটা মন্ত্রণালয় করার টার্গেট রয়েছে। ভবিষ্যতে খুব শীঘ্রই যাতে আমার মন্ত্রণালয়ের মাধমে যুব ও ক্রীড়া ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারি সে প্রচেষ্টা অব্যহত রয়েছে।”

প্রতিমন্ত্রী রাসেল দুপুরে টঙ্গী থানা চত্বরে গাজীপুরে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে এখন ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের সংখ্যা প্রায় ৫ কোটি ৩০ লাখ; যাদের মাত্র দুই তৃতীয়াংশ হলো কর্মক্ষম। তাদের প্রত্যেককে কর্মমুখী হতে হবে। উদ্যোক্তা হতে হবে। তাহলে দেশে বেকারদের সংখ্যা কমে যাবে। বেকারদের সংখ্যা কমে গেলে সমাজে মাদক-সন্ত্রাস-দুর্নীতি-জঙ্গিবাদ কমে যাবে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের সভাপতিত্বে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার-বিন-কাশেম, মহানগর পুলিশের উপ-কমিশনার শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।