২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগার থেকে সাবেক দুই আইজিপির মুক্তি

একুশে অগাস্ট গ্রেনেড বিস্ফোরণ মামলায় দুই বছরের দণ্ডিত সাবেক দুই পুলিশ প্রধান জামিনে মুক্ত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 09:25 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার সুব্রত কুমার বালা জানান, বুধবার রাতে আদালত থেকে তাদের জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।

গত সোমবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ সাবেক আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদার জামিন মঞ্জুর করে।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ দুজনকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

১৪ বছর আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

গত বছরের ১০ অক্টোবর ওই রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

এছাড়া এ মামলার আসামি ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

পুরনো খবর:

একুশে অগাস্ট মামলায় দণ্ডিত দুই সাবেক আইজিপির জামিন