গাইবান্ধায় জমির সংঘর্ষে যুবক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শনিবার এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানিয়েছেন।
নিহত মোমিনুল ইসলাম (৩২) কাজীপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
আহতদের মধ্যে বদিউজ্জামানসহ তার অপর দুই ছেলে মোমিনুল ও আব্দুল ওয়াহেদ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোনারুল ঢাকার একটি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিদর্শক আফজাল হোসেন জানান, কাজীপাড়া গ্রামের বদিউজ্জামানের সঙ্গে তার বিমাতা ভাই লিটু, মিঠু ও বাটু মিয়ার উত্তরাধিকার সূত্রে পাওয়া ৪০ শতাংশ জমির ভাগ-বণ্টন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
“শনিবার বিকালে বদিউজ্জামান, মোমিনুল, মোনারুল ও আব্দুল ওয়াহেদ বোরো ধান রোপনের জন্য ওই জমি প্রস্তুত করতে যান। খবর পেয়ে লিটু মিঠু ও বাটু মিয়া লোকজন নিয়ে বাধা দেন। এতে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান আফজাল।
