২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরেশ্বর খাল পুনঃখনন প্রকল্প ‘ক্ষতির মুখে’

শরীয়তপুরের সুরেশ্বর খাল পুনঃখনন ও নিষ্কাশন প্রকল্পের মধ্যে আরেকটি উন্নয়ন অবকাঠামোর কাজ চলমান থাকায় নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে। এতে সুরেশ্বর খাল পুঃখনন প্রকল্প তথা এলাকাবাসী স্থায়ীভাবে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছে।

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2019, 09:42 PM

Updated : 10 Oct 2022, 08:50 PM

এলাকাবাসীর ভাষ্য, ঘড়িসার এলাকার লোকজনের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্পের আওতায় ২০১৬ সালে শরীয়তপুর জেলায়  ৫৯টি খাল খননের কাজ অনুমোদন করা হয়। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে ‘সুরেশ্বর খাল, ও মুলগাও খাল খনন ও পুনঃখনন এবং নিষ্কাশন’ প্রকল্পে ১ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ করা হয়। এ প্রকল্পের আওতায় দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার খনন কাজ করার কথা। এ প্রকল্পের কাজের মেয়াদ ছিল জুন ২০১৮ পর্যন্ত।   

স্থানীয়রা আরও জানায়, উক্ত প্রকল্পের কাজ চলমান থাকা অবস্থায় খালের উৎস মুখে সুরেশ্বর দরবার শরীফের সামনে একটি কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়। সুরেশ্বর খালের উপর ১ মিলিমিটার আরসিসি ইউ টাইপ এই ড্রেন নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বর্তমানে উক্ত স্থানে ড্রেন নির্মাণ কাজ চলছে।

ড্রেন নির্মাণ এবং সুরেশ্বর খাল পুনঃখনন প্রকল্প পৃথক দুটি কাজ।

‘সুরেশ্বর খাল ও মুলগাও খাল খনন ও পুনঃখনন এবং নিষ্কাশন’ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড এবং ইউ টাইপ ড্রেন নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সুরেশ্বর খালের উৎস মুখে এই আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণ হলে নৌকা চলাচল বন্ধ হয়ে যাবে। পাশাপাশি খালের ভিতর দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ কমে যাবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় এলাকার ঘরবাড়ি ডুবে যাবে এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে ইরি বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে পানি উন্নয়ন বোর্ডের ভাষ্য, খাল খনন শুরু করার কিছুদিন পরেই বর্ষা শুরু হওয়ায় কাজ বন্ধ রাখা হয়। অল্পদিনের মধ্যেই খালের পানি নিষ্কাশন করে পুনরায় খাল খননের কাজ শুরু করা হবে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, খাল খনন বন্ধ রাখার কারণে চলতি বছর ৫ ইউনিয়নে বিস্তীর্ণ জমি পানির অভাবে অনাবাদী রয়ে যাচ্ছে।

এক্ষেত্রে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অবহেলার কারণে সুরেশ্বর খাল পুনঃখনন ও নিষ্কাশন কাজ এগোয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

নড়িয়া ইছাপাশার কৃষক মিয়াজান মৃধা, সুরেশ্বরের কৃষক কবির বেপারী ও হাজি আবদুর রাজ্জাক বলেন, খালের উৎস মুখ বন্ধ থাকায় ইরি-বোরো চাষ করা বন্ধ হয়ে যাবে। ধান কাটার সময় তা সামান্য বৃষ্টিতে ডুবে নষ্ট হয়ে যায়। একদিকে তারা সেচের অভাবে ধান রোপন পারছেন না। অন্যদিকে বর্ষা মৌসুমে নিষ্কাশনের অভাবে পানিতে ডুবে নষ্ট হয়ে যাবে।

তারা গণস্বাক্ষরসহ বিষয়টি শরীয়তপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জানিয়েছেন বলে জানান।

ঘড়িসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রব বলেন, “দীর্ঘ দিনেও সুরেশ্বর খাল পুনঃখনন ও নিষ্কাশন না হওয়ার কারণ আমার জানা নেই। উন্মুক্ত খালের উপরে ১ মিলিমিটার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণ হচ্ছে কিনা তাও আমি জানি না।”

কিন্তু এলজিইডি’র কোনো কাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমোদন ছাড়া হয় না বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বৈদ্য বলেন, খাল খনন কাজ শুরু করার কিছুদিন পরে বর্সা মৌসুম চলে আসে। বৃষ্টি বাদলে খাল ভরে যায়। এ  কারণে খাল খনন বন্ধ রাখা হয়। অল্পদিনের মধ্যে পানি সেচ করে খাল খনন পুনরায় শুরু করা হবে।

শরীয়তপুরের এলজিইডি নির্বাহী প্রকৌশলী একেএম বাদশা মিয়া বলেন, ঘটনাস্থলে পূর্ব থেকে একটি পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল।

“সুরেশ্বর দরবার শরীফের লোকজনের আবেদনের প্রেক্ষিতে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিবের সুপারিশে মন্ত্রণালয় ওই স্থানে একটি কালভার্ট নির্মাণের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্ধ করে।”

টাকা পাওয়ার পর তারা কাজ শুরু করেছেন বলে জানান।