২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগ নেতাকে দলীয় নেতাকর্মীদের ‘মারধর’

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় বরিশাল জেলা ছাত্রলীগের দুই নেতাকে মারধধের অভিযোগ উঠেছে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2019, 04:58 PM

Updated : 08 Apr 2022, 03:41 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।  

ঘটনাস্থলে উপস্থিত থেকে দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গেলে জেলা ছাত্রলীগের বন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ওবায়দুল সেরনিয়াবাত ও সহ-সভাপতি সাইফুল সেরনিয়াবাতকে মারধর করেন সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান ও তার অনুসারীরা।

এর প্রতিবাদ করলে রাজিব ও তার অনুসারী রইজ আহম্মেদ মান্নাসহ ২৫-৩০ জন ওবায়দুলের ওপর হামলা চালায়। এ সময় সাইফুল সেরনিয়াবাত এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল সেরনিয়াবাত কোনো কথা বলতে রাজি হননি।

তবে রাজিব বলেন, “নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তা আবার নিজেরাই মিটিয়ে নিয়েছি।”

জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঢাকায় রয়েছেন। মারামারির কোনো ঘটনা তার জানা নেই।

খোঁজখবর নিয়ে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।