কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা পরিচয়ে স্কুলের জমি দখলের অভিযোগ
কুড়িগ্রামে ছাত্রলীগ নেতার পরিচয়ে প্রভাব খাটিয়ে একটি স্কুলের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার বেলগাছা বরকতিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রশীদুল ইসলামের অভিযোগ, “এলাকার আলভী আলী শাওন নামে এক ব্যক্তি নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে তাদের স্কুলের জমি দখলের এই চেষ্টা চালাচ্ছেন।”
শাওন তার লোকজন নিয়ে স্কুল বন্ধের সময় ওই জমিতে ঘর নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।
তবে শাওনের দাবি তারা ওই জমি একটি ক্লাবের নামে বরাদ্দ পেয়েছেন।
শাওন নিজেকে জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক দাবি করে বলেন, “আমরা এখানে আনসার ক্লাবের নামে বরাদ্দ ১০ শতক জায়গায় ঘর তুলছি। এটা স্কুলের সম্পত্তি নয়।”
তবে তিনি বরাদ্দপত্র দেখাতে পারেননি।
শাওনের সম্পর্কে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রণি বলেন, “শাওন ছাত্রলীগের কেউ না। ছাত্রলীগের সুনাম নষ্ট করে অবৈধভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তাদের প্রতিহত করুন। প্রয়োজনীয় আইনি ব্যবস্তা নিন।”
