সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক প্রাণ হারিয়েছেন।
শ্যমনগর থানার ওসি আবুল কালাম জানান, সোমবার সকালে উপজেলার শ্রীফলকাটি গ্রামে ইছা মোড়ল (৫৫) নামে এই ব্যক্তির মৃত্যু হয়।
ইছা ওই গ্রামের আমির মোড়লের ছেলে।
ওসি কালাম বলেন, কৃষক ইছা মোড়ল সকালে বিদ্যুতের তারের ওপর পড়া একটি গাছের ডাল কাটছিলেন। এ সময় ডালটির এক পাশ তার গায়ে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান ওসি কালাম।
