সুবর্ণচরের ধর্ষকদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
নোয়াখালীর সুবর্ণচরে ভোটের দিন এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরার ‘সচেতন নাগরিক সমাজ’।
রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ওসমান গনি, জেষ্ঠ্য সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ফাইমুল হক কিসলু, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।
গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার আটজনের মধ্যে এক সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইটভাটা শ্রমিক রয়েছে।
মানববন্ধনে বক্তরা বলেন, নোয়াখালীতে একটা নারীর উপর বর্বরোচিত হামলা হয়েছে।কোনভাবেই
এটা মেনে নেওয়া যায় না।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আওতায় এসে ফাঁসির দাবি জানান তারা।
ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ, ভোটের সময় নৌকার সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। এরপর রাতে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের ‘সাঙ্গপাঙ্গরা’ বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে।
নির্যাতনের শিকার ওই নারী এখন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
