ভারতে আটক ৪ কিশোর দেশে ফিরেছে
অবৈধ উপায়ে ভারতে গিয়ে দুই বছর আটক থাকার পর চার বাংলাদেশি কিশোর দেশে ফিরেছে।
হিলি চেক পোস্ট ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে সীমান্তের জিরো পয়েন্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় অভিবাসন পুলিশ।
এ সময় বিজিবি, বিএসএফ সদস্যসহ দুদেশের পুলিশ উপস্থিত ছিল বলে ওসি জানান।
ওসি আফতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা পৃথকভাবে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত গেছে। কেউ দালালের মাধ্যমে, কেউবা নিজের মতো করে পার হয়েছে। সেদেশে গিয়ে আইনশঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে তাদের আদালতে হাজির করা হয়।
আদালত তাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট শোভায়ন হোমে রাখার আদেশ দেয়। পরে দুদেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয় বলে তিনি জানান।
এদের বাড়ি হচ্ছে কুমিল্লার লাকসাম উপজেলার গাজীমুড়া গ্রাম, জয়পুরহাটের নিত্তিপাড়া গ্রাম, কক্সবাজারের চকরিয়া এবং জামালপুরের মেলান্দহের উদনাপাড়া গ্রামে। তাদের মধ্যে দুজনের বয়স ১৬ বছর, একজনের ১৫ বছর এবং একজনের ১৪ বছর।
