গাজীপুরে ‘সিগারেটের আগুনে’ পুড়ল ঝুটের গুদাম
গাজীপুরে অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে; ফায়ার সার্ভিস বলছে, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শহরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জাকির বলেন, সাইদুল ইসলামের মালিকানাধীন ঝুটের একটি গুদামে আগুন ধরে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে তিনটি, জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ও কাশিমপুরের ডিবিএল গ্রুপের ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে গুদামে থাকা ঝুট ও তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।”
