২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৪ ‘হিজবুত তাহরির’ সদস্য আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে জাতীয় সংসদ নির্বাচনের আগে গাজীপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরিরের চার সদস্যকে’ আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 11:36 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

বুধবার ও বৃহস্পতিবার চালানো এ দুই অভিযানে তাদের কাছ থেকে বেশকিছু প্রচারপত্র এবং নগদ টাকা উদ্ধারও করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা তাদের উদ্দেশ্য ছিল বলে র‌্যাবের ভাষ্য।

আটকরা হলেন শেরপুর সদরের বাগলগড়ের জসিম উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩০), ভোলার দৌলতখান উপজেলার মধ্যজয়নগর গ্রামের হারুন মুন্সির ছেলে মিলন মিয়া (৩০), গাজীপুরের শ্রীপুর উপজেলার পাঠানটেকের শেখ মোসলেহ উদ্দিন আহম্মেদের ছেলে শেখ শরীফ আশরাফ রাজীব (২৮) এবং রাম পাইঠালবাড়ীর দুলাল মিয়ার ছেলে ফাহাদ মিয়া (২০)।  

র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরির’-এর কতিপয় সক্রিয় সদস্য একত্রিত হয়ে লিফলেট বিতরণ করার খবর আসে।

“এ খবর পেয়ে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও মিলন মিয়াকে আটক করে।”

Image
আটক শেখ শরীফ আশরাফ রাজীব ও ফাহাদ মিয়া

আটক শেখ শরীফ আশরাফ রাজীব ও ফাহাদ মিয়া

মামুন আরও বলেন, একই উদ্দেশ্যে এই সংগঠনের কতিপয় সক্রিয় সদস্য বুধবার রাতে গাজীপুরের মাস্টারবাড়ীর নান্দুয়াইন এলাকায় একত্রিত হয়ে তাদের সংগঠনের বিভিন্ন উস্কানিমূলক লিফলেট বিতরণ করার খবর আসে।

“এ গোপন খবর পেয়ে র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে শেখ শরীফ আশরাফ রাজীব ও ফাহাদ মিয়াকে আটক করেন।”

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার-বিন-কাশেম বলেন, উভয় ঘটনায় আটকদের কাছ থেকে ‘হিজবুত তাহরির’-এর বেশকিছু লিফলেট, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা হিযবুত তাহরিরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

“তারা সমমনাদের উদ্বুদ্ধকরণ এবং প্রতি মাসে নির্দিষ্ট হারে সংগঠনের জন্য চাঁদা প্রদান করতেন।”

এছাড়া সাংগঠনিক কর্মকাণ্ড চাঙ্গা করতে গাজীপুরের মাস্টারবাড়ী জামে মসজিদ, বরমী জামে মসজিদ, মাওনা জামে মসজিদে ও আটক রাজীবের বাসাসহ কয়েকটি স্থানে নানা সময় আলোচনা সভা করতেন বলে জানিয়েছেন, বলেন র‌্যাব কর্মকর্তা।