২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বরের ওপর হামলার ঘটনায় আ.লীগের ৩ জন গ্রেপ্তার

ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 03:35 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

ভোটের সহিংসতায় মাথা ফেটেছে গয়েশ্বরের

বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো.খোরশেদ আলম জানান।

এরা হলেন-দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সবুজ মিয়া (৩৯), শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন (৩২) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুর রহমান ফালান (৩৬)।

এসআই খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গয়েশ্বর ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হৃদয় নামে এক ব্যক্তি বুধবার রাতে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন।

“মামলার পর রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন কি-না জানতে চাইলে এসআই বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এখন তা প্রকাশ করা যাবে না।”