২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মিল্লাতের পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রীর জামাতা

সিরাজগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2018, 10:04 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের মুক্তির সোপানে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি তার পক্ষে ভোট চান।

মিল্লাত সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী। তিনি মিতুর ভগ্নিপতি।

মিতু বলেন, “যারা নির্বাচনী মাঠে আছে, যারা দেশের উন্নয়ন করেছে, দেশ যাদের কাছে নিরাপদ, আগামী নির্বাচনে তাদেরই ভোট দিতে হবে। দেশের অগ্রযাত্রায় স্বাধীনতার প্রতীক নৌকা ও শেখ হাসিনাই সেক্ষেত্রে যোগ্য।

“সিরাজগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে হাবিবে মিল্লাত মুন্নাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানাচ্ছি।”

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, “যারা এখনও ভোটের মাঠে নামেনি, ব্যানার-পোস্টার লাগায়নি, তারা কি নাশকতার মাধ্যমে ভোট নিতে চায়? সে কাজ এই বাংলাদেশে আর সম্ভব নয়। বাংলার মানুষ এখন অনেক সচেতন। ভোটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে।”

মিল্লাত ছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানীউল হক দানী মোল্লা অনুষ্ঠানে ছিলেন।