২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুবলীগ কার্যালয়ে আগুন, আটক ৪

বাগেরহাটের রামপাল উপজেলায় যুবলীগ কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে। তবে জামায়াত প্রার্থী অভিযোগ অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2018, 05:21 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

উপজেলার উজলকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আহাদ শেখ অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোনাতুনিয়া গ্রামে তাদের একটি দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের-৩ (রামপাল ও মংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার। এ আসনে জামায়াত প্রার্থী মোহম্মদ আব্দুল ওয়াদুদ শেখ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যুবলীগ নেতা আহাদ সাংবাদিকদের বলেন, সোনাতুনিয়া গ্রামের যুবলীগ কার্যালয় থেকে হাবিবুন নাহারের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

“রাতে কাজ শেষ করে অফিসে তালা মেরে সবাই চলে যায়। এর কিছুক্ষণ পরে অফিসে আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে আমাদের কার্যালয়ের বাঁশ-কাঠ ও টিনের বেড়া, টেবিলসহ পোস্টার, ব্যানার ও বেশ কিছু প্লাস্টিকের চেয়ার পুড়ে  যায়। জামায়াত ইসলামীর প্রার্থীর আব্দুল ওয়াদুদ শেখের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।”

আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে জামায়াত প্রার্থী আব্দুল ওয়াদুদ শেখ বলেন, “আওয়ামী দলীয় প্রার্থীর সমর্থকরা জামায়াতের নেতা-কর্মীদের এলাকাছাড়া করতে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ করছে। ইতোমধ্যে আমাদের অনেক নেতা-কর্মীদের আটক করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানাই।”

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত যুবলীগ কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হলেন রামপাল উপজেলার কদমী গ্রামের সৈয়দ আলীর ছেলে রেজাউল হাওলাদার (৪৫), সোলাকুড়া গ্রামের আমির আলী ছেলে আব্দুল কাদের (৬১), গিলাতলা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ (৪২) ও বর্নি গ্রামের মহিউদ্দিনের ছেলে খবির উদ্দিন (৪৫)।