জয়পুরহাট সিভিল সার্জনের বিরুদ্ধে যৌননির্যাতনের অভিযোগ
যৌননির্যাতনের অভিযোগ ‘ধামাচাপা দিতে’ এক তরুণীসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন জয়পুরহাটের সিভিল সার্জন হাবিবুল আহসান তালুকদার রেজা।
চাঁদাবাজির মামলায় ওই তরুণীসহ তিনজনকে আটকের পর শনিবার কারাগারে পাঠানো হয়।
তরুণীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ২৮ বছর বয়সী মেয়ে জেলা শহরের গ্রাজুয়েট ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে সিভিল সার্জন হাবিবুল সনোলজিস্ট হিসেবে কাজ করেন।
“সিভিল সার্জন আমার মেয়েকে দিয়ে ম্যাসাজ করান। এছাড়া কূপ্রস্তাব দিতেন। একপর্যায়ে তিনি আমার মেয়ের গায়ে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন। এবং আপত্তিকর আচরণ করতে থাকেন। এরই মধ্যে কে বা কারা কৌশলে গোপন ক্যামেরা দিয়ে এ ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করে। ভিডিওর পেয়ে আমার মেয়ে লজ্জায় চাকরি ছেড়ে দেয়। ভিডিওর খবর পেয়ে তার স্বামী এক সন্তানসহ আমার মেয়েকে ছেড়ে চলে যায়। আমরা গরিব মানুষ। চাকরি না থাকায় অভাবে আছি।”
মিথ্যা মামলায় তার মেয়েকে ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে কথা বলার জন্য সিভিল সার্জনকে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাড়া দেননি।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলা হওয়ায় র্যাব ওই তরুণীসহ তিনজনকে আটক করে পুলিশে দেয়। আদালত তাদের কারাগারে পাঠানার আদেশ দেয়।
“পরে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহ করা হবে।”
আটক অন্য দুইজন হলেন নওগাঁর ধামুইরহাট উপজেলার মহব্বতপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে রুস্তম আলী (২৯) ও আজিজুল ইসলামের ছেলে শাহজাহান আলী (২৯)।
এছাড়া এ মামলার অপর আসামি ওই উপজেলার পূর্ব চকপ্রাসাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাফাত হোসেন (২১) পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
