২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিতে আহত

নোয়াখালীর সোনাইমুড়ি পৌর ছাত্রদলের সভাপতি শহিদুল্লাহ লিটন গুলিতে আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2018, 01:31 PM

Updated : 25 Jul 2022, 08:40 PM

নোয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, “শনিবার রাত ১১টার দিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তার ডান পায়ে গুলি লেগেছে।”

এর আগে সন্ধ্যার পর থেকে লিটনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ ওঠে।

সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক বলেন, সন্ধ্যার পর থেকে লিটনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

“পরে তাকে নোয়াখালী ও কুমিল্লা জেলার সিমান্তবর্তী একটি ব্রিজের পাশে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে ওই এলাকার লোকজন। সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।”

ঘটনাটি তিনি থানায় ফোন করে জানিয়েছেন।

সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিটনকে পায়নি। এমনকি পুলিশ যাওয়ার আগেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।”