২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নির্বাচন বানচাল করতে চায়: ওবায়দুল কাদের

নানা অজুহাতে বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2018, 08:14 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ঐক্যফন্ট নেতাদের উদ্দেশে তিনি বলেন, সিইসির পদত্যাগ যারা নির্বাচনের একমাস আগে দাবি করে তাদের উদ্দেশ্য পরিষ্কার। নির্বাচন চাইলে এ মহূর্তে সিইসির পদত্যাগ তারা চাইত না। এ মহূর্তে সিইসির পদত্যাগ চাওয়ার অর্থ হচ্ছে তারা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়। 

‘জনবিচ্ছিন্ন’ ও ‘দলছুট’ নেতাদের সঙ্গে বিএনপি হাত মেলাচ্ছে বলে তিনি সমালোচনা করেন।

“আমি একটা কথা স্পষ্ট বলতে চাই জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে ততই বিএনপি আরও জনসমর্থন হারিয়ে ফেলছে। বিএনপির ভাঙ্গা হাটে নেতায় নেতায় ঐক্য হচ্ছে, ভাঙ্গা হাট জমছে না।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্রে স্বাক্ষর দেওয়ার পর দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের আবেগপ্রবন হয়ে পড়ারও সমালোচনা করেন কাদের।

“বিএনপি মহাসচিবের অসহায় কান্নায় প্রমাণ করে তাদের দলের কত দুর্দশা।”

আচরণবিধি ও লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে কাদের বলেন, “হাজার হাজার লোক; আজকে এখানে সমাবেশ ছিল না। আমি সবাইকে বাইরে রেখেছি। আমি চাই না নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতে। আমার গাড়ির দিকে তাকিয়ে দেখুন পতাকা নেই। আমি যে গাড়ি এনেছি এটা সরকারি গাড়ি নয়, এটা আমার ব্যক্তিগত গাড়ি। আমি আসার পথে সরকারি কোনো প্রতিষ্ঠান ব্যবহার করিনি। সরকারি কোনো বাংলো, সার্কিট হাউজে আমি উঠিনি।

“আমি আমার বাড়িতে গেছি, অন্য কোথাও যাইনি এবং এটাই তো লেভেল প্ল্যায়িং ফ্লিড।”

সারা দেশে নৌৌকার জোয়ার এসেছে উল্লেখ করে তিনি বলেন, নৌকার পক্ষে গণজোয়ার নেমেছে। ইনশাহআল্লাহ ডিসেম্বরে নৌকা ভাসতে ভাসতে মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বন্দরে গিয়ে বিজয়ী হয়ে পৌঁছাবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভির প্রমুখ।