২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে আ. লীগ নেত্রীর মহড়া, দুর্ঘটনায় আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে আওয়ামী লীগ নেত্রীর মোটর যান মহড়ায় গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 11:07 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

মঙ্গলবার আশুগঞ্জ উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সরাইল উপজেলার কুট্রাপাড়ার আবু আসাদের ছেলে কাউসার মিয়া (২২) ও একই এলাকার খুররম আলীর ছেলে মঈন উদ্দিন (২৪)। তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদের) মোটরযান মহড়া ছিল মঙ্গলবার।

খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে শুরু হওয়া এই মহড়ায় নেতৃত্বে ছিলেন শিউলি আজাদ নিজে। শতাধিক মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাস মহড়ায় অংশগ্রহণ করে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হোসেন সরকার জানান, যানবাহনের মিছিল খাঁটিহাতা বিশ্বরোড থেকে শুরু হয়ে আশুগঞ্জে যাওয়ার সময় বেড়তলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে ঢুকে যায়।

ওসি বলেন, এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ওসি হোসেন সরকার বলেন, “কোনো রকম অনুমতি ছাড়াই মহাসড়কে মোটরযান মহড়া করা হয়। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।”