‘মালয়েশিয়া নেওয়ার কথা বলে’ নামাল কক্সবাজারে
সমুদ্রপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে একদল প্রতারক ১৪ জন রোহিঙ্গা নারী-পুরুষকে কয়েকদিন সমুদ্রে ঘুরিয়ে ট্রলার থেকে ফের কক্সবাজারে নামিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমদ্দার জানান, মঙ্গলবার বিকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের গোলারচর দক্ষিণ পাড়া থেকে এসব রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে।
এরা হলেন মো. ইয়াছিন (২২), মোহাম্মদ ইসলাম (২৬), খায়রুল আমিন (১৮), রহিম উল্লাহ (১৬), জাকের আহমদ (১৯), মো. সুলতান (৪৫), সাইদুল আমিন (১৯), ফরিদুল আলম (১৮), নূর বাহার (১৮), বিবি খদিজা (১৮), খুরশিদা বেগম (১৯), রফিজা বেগম (১৮), আনোয়ারা বেগম (১৯) ও মোহাম্মদ হোসেন (১৭)।
মেজর শরীফুল জানান, এসব রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তারা গত বছর ২৫ অগাস্ট মিয়ানমারে জাতিগত সহিংসতা শুরুর পর পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।
তিনি বলেন, বিকালে সাবরাং ইউনিয়নের সমুদ্র উপকূলের গোলারচর দক্ষিণ পাড়ায় বিজিবির একটি টহলদলের সদস্যরা সন্দেহজনক কিছু নারী ও পুরুষকে জড়ো অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বিওপিতে নিয়ে আসে।
“পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান-সংঘবদ্ধ প্রতারক চক্র তাদের গোলারচর দক্ষিণ পাড়ায় নামিয়ে দিয়ে বলে ওটাই মালয়েশিয়া।”
“এরপর মঙ্গলবার বিকালে তাদের সাবরাংয়ের গোলারচর সমুদ্র উপকূলে নামিয়ে দিয়ে বলে মালয়েশিয়া পৌঁছে গেছে।”
উদ্ধার হওয়া এসব রোহিঙ্গাদের সঙ্গে থাকা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা হিসেবে নিবন্ধন কার্ডও (পরিচয় পত্র) পাওয়া গেছে বলে শরীফুল জানান।
উদ্ধার হওয়াদের বরাত দিয়ে বিজিবির এ কর্মকর্তা বলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের ডি-৫ ব্লকের আইয়ুব আলী নামের এক রোহিঙ্গা বাসিন্দা জনপ্রতি ১০ হাজার টাকা আদায় করে তাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ট্রলারে তোলে।”
উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্টদের মাধ্যমে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানান মেজর শরীফুল।
