মেহেরপুরে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
মেহেরপুরে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন; যিনি মাদক ব্যবসায়ী বলে পুলিশের ভাষ্য।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরের দিকে সদর উপজেলার নিশ্চিন্তপুরের বটতলা মোড়ে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত এনামুল হক এনা (৪২) জেলা শহরের কাসদপাড়ার শহিদুল হকের ছেলে।
পুলিশ কর্মকর্তা জাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকের পর মাদক ব্যবসায়ী এনাকে নিয়ে পুলিশ ফেনসিডিল উদ্ধারে যায়। বটতলা মোড়ে পৌঁছালে তার সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। উভয় পক্ষে বন্দুকযুদ্ধ হয়। এ সময় এনা ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।”
ঘটনাস্থল থেকে ‘কিছু’ ফেনসিডিল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
এদিকে এনাকে কবে আটক করা হয় সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেননি।
এনার স্ত্রী রাফিলা খাতুন বলেন, “সাদা পোশাকের কিছু লোক দুই দিন আগে এনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।”
এনার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওবায়দুর রহমান।
তিনি বলেন, “এনার বড় ভাই রুস্তম আলী কুখ্যাত ডাকাত ছিলেন। বছর সাতেক আগে তিনিও বন্দুকযুদ্ধে মারা যান।”
