২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়া সীমান্তে বিজিপির গুলিতে আহত ২ কিশোর

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে বাংলাদেশে পালিয়ে আসা এক রোহিঙ্গাসহ দুই কিশোর আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 06:33 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমেদ জানান, রোববার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম (১৫) এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতেরর বিলের শাহাব মিয়ার ছেলে জয়নাল উদ্দিন (১২)।

নুরুল ইসলামকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে এবং জয়নালকে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন তুরস্ক সরকারের সহায়তায় পরিচালিত একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

গত বছর অগাস্টের শেষ সপ্তাহ থেকে শুরু করা মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে অন্তত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। নুরুল ইসলাম ওই সময় পরিবারের সঙ্গে কক্সবাজারে পালিয়ে আসেন।

মেজর ইকবাল বলেন, সকালে রহমতের বিল সীমান্তের জিরো পয়েন্টে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

“কয়েক দফায় তারা অন্তত ৪০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এক কিশোর ও স্থানীয় এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে।”

তিনি বলেন, কী কারণে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী গুলিবর্ষণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার পর থেকে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ানোর পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান মেজর ইকবাল।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রহমতের বিল এলাকায় স্থানীয় আনোয়ারের বাড়িতে গরুর রাখাল হিসেবে কাজ করেন রোহিঙ্গা কিশোর নুরুল ইসলাম।

রোববার সীমান্ত সংলগ্ন এলাকায় এ দুই কিশোর গরু চরাতে গিয়েছিলেন। জয়নালের বুকে এবং নুরুল ইসলামের হাতে গুলি লেগেছে বলে তিনি জানান।