গাজীপুরে মলম পার্টির ৫ সদস্য আটক
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে মলম পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
কোনাবাড়ি থানার এসআই আব্দুল হামিদ জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাশিমপুর রোড ও দেওয়ালীয়াবাড়ি থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন টাঙ্গাইলের আমজাদ হোসেন (৩২), ঝিনাইদহের মো. লিটন (২৮), ময়মনসিংহের মো. আরিফ (২৩), টাঙ্গাইলের আরিফ হোসেন (১৮) ও কুড়িগ্রামের মো. আরাফাত।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এসআই হামিদ বলেন, আটকের সময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের ছোট সাদা বোতলভর্তি নেশাজাতীয় তরল পদার্থ, দুটি সাদা প্লাস্টিকের বোতলে ৭৫টি নেশাজাতীয় ট্যাবলেট ও চারটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে।
“তারা সবাই মলম পার্টির সদস্য। তারা কোনাবাড়ির দেওয়ালীয়াবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে বেড়াতেন।”
তাদের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
