স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের দণ্ড
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন শুক্রবার সন্ধ্যায় তাকে এ দণ্ড দেন।
দণ্ডিত- মেহেদী ইসলাম (১৯) বোয়ালমারী উপজেলার রামদেব নগর গ্রামের আকুব্বরের ছেলে।
ইউএনও জাকির হোসেন বলেন, গত দুই মাস ধরে মেহেদী ও তার সহযোগী ১৪ বছর বছর বয়সী এক কিশোর স্কুলে যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল।
এ ঘটনায় মেয়েটির বাবা তার কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
“পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেহেদীতে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ওই কিশোরকে ফরিদপুর সেফহোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।”
মেহেদীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ইউএনও।
