২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে শাশুড়ি খুন, পুত্রবধূ আহত

নড়াইলের কালিয়া উপজেলায় মধ্য বয়সী এক নারীকে নিজ ঘরে ঢুকে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা; একই সময়ে আহত করা হয় নিহতের পুত্রবধূকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 09:31 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

মঙ্গলবার চাঁচুড়ি ইউনিয়নের চাপুলিয়া গ্রামের বাড়ি থেকে আঙ্গুরা বেগমের (৫০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

একই বাড়ির পাশের ঘর থেকে পুত্রবধূ তানজিলা বেগমকে (২৫) আহত অবস্থায় উদ্ধার করা হয়।  

নিহত আঙ্গুরা চাপুলিয়া গ্রামের সবুর খানের স্ত্রী।

মায়ের মৃত্যু ও স্ত্রীর আহতের খবর শুনে দিনমজুর শাকিল খান দুপুরে বাড়ি ছুটে যান।

তিনি বলেন, “আমাদের বাড়ির পাশে তেমন কোনো বাড়ি নেই। আমরা বাইরে থেকে দিনমজুরের কাজ করি। কেন এ হত্যাকাণ্ড ঘটল তা বুঝতে পারছি না।”

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, সকাল ৯টার দিকে এ হত্যাকাণ্ড হয় বলে ধারণা করা হচ্ছে। নিহতের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে।

কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তানজিলাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ওসি জানান।