২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবলীগ নেতা হত্যায় মামলা

গাজীপুরে যুবলীগ নেতা আবদুল মোতালেব হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 07:06 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৭-৮ জনকে আসামি করে মঙ্গলবার সদর থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা মোফাজ্জল হোসেন।

সোমবার গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় বাড়ির অদূরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় মোতালেবকে। মোতালেব (৩২) ওই এলাকার ঠিকাদার মোফাজ্জল হোসেনের ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের একাংশের সভাপতি ছিলেন।

সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, নিহতের বাবা মোফাজ্জল হোসেন মামলার এজাহারে বলেছেন- অনেক আগে থেকে জায়গা সম্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আবদুল মোতালের সঙ্গে বিরোধ ও শত্রুতা পোষণ করে মোতালেবকে খুন করার হুমকি দিয়ে আসছিল আসামিরা।

মামলায় আরও বলা হয়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আসামি জহিরুল ইসলাম মোতালেবকে মোবাইল ফোনে জরুরি কথা আছে বলে জানান এবং তাদের বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে ছোট দেওড়া মজি মেম্বারের বাড়ির পুকুরের পাশে যেতে বলে। মোতালেব পুকুর পাড়ে যেতে থাকলে মোফাজ্জল হোসেন কোথায় যাচ্ছিল জানতে চান; তখন জহিরুলের ফোনের কথা জানান মোতালেব। তখন মোতালেবের পিছনে তিনিও সেখানে যান।

এজাহারে বলা হয়, সেখানে পৌঁছামাত্র আসামিরা ছেনি, রাম দা, চাপাতি, ছোরা, হকিস্টিক, লোহার রড দিয়ে আক্রমণ করে। এ সময় তিনি এগিয়ে গেলে তাকেও এলোপাথারী আঘাত করতে থাকে। তাদের আক্রমণে ঘটনাস্থলে মোতালেবের মৃত্যু হয়।

আশপাশের লোকজন মোফাজ্জল হোসেনকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়; পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।

পুরনো খবর:

গাজীপুরে যুবলীগ নেতাকে ‘বাড়ি থেকে ডেকে নিয়ে’ হত্যা