২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. কামালকে বেঈমান বললেন স্বাস্থ্যমন্ত্রী

ড. কামাল হোসেনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানী করার অভিযোগ তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 11:57 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

শনিবার গাজীপুরে এক অনুষ্ঠানে এই আওয়ামী লীগ নেতা বলেন, বঙ্গবন্ধু কামাল হোসেনকে অত্যন্ত ভালবাসতেন, স্নেহ করতেন। একজন তরুণ ব্যারিস্টার ছিলেন তিনি। তাকে ডেকে এনে আওয়ামী লীগের সদস্য বানিয়ে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধূর ছেড়ে দেওয়া সিটে ড. কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানানোর কথা স্মরণ করিয়ে দেন নাসিম।

কামাল হোসেনের বিরুদ্ধে তিনি বঙ্গবন্ধুর খুনিদের পক্ষ অবলম্বন করে বক্তব্য দেওয়ারও অভিযোগ তোলেন।

“আজকে কষ্ট লাগে বিএনপি-জামায়ত জোট যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদের প্লাটফর্মে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন।”

নাসিম বলেন, “আপনার লজ্জা হওয়া উচিত কামাল হোসেন সাহেব। বঙ্গবন্ধু আপনাকে কামাল হোসেন বানিয়েছেন। আওয়ামী লীগ আপনাকে কামাল হোসেন বানিয়েছে। আপনাকে আজ মানুষ কামাল হোসেন হিসেবে চেনে।

“কামাল হোসেন সাহেব আজকে বয়সের শেষ সীমায় এসে বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানী করলেন। আজকে আপনি খালেদা জিয়ার মুক্তি চান। আপনার লজ্জা হওয়া উচিত। যে খালেদা জিয়া ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন।”

বাংলার জনগণ আগামী নির্বাচনে বেঈমান, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে জবাব দেবে বলে মনে করেন ১৪ দলের এই মুখপাত্র।

২০১৪ সালে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হতো। এ মার্শাল ল কারার জন্য সেদিন কামাল হোসেন-মঈনুল হোসেনরা ১/১১-এর মাঠে নেমেছিলেন বলে অভিযোগ করেন নাসিম।

“এখন ওরা সাত দফা দিয়েছে। সাত দফায় কোনো কাজ হবে না। এখন ইলেকশনের আছে আর কয়দিন। কয়েকদিন পর ইলেকশনের শিডিউল ঘোষণা হবে। সারা দেশে ইলেকশনের ঢোল বেজে উঠছে। এখন দফা দিয়ে কী হবে?”

তিনি বিএনপিকে ইলেকশনে আসার আহ্বান জানান এবং ইলেকশনে না এলে জনগণ বিএনপিকে লালকার্ড দেখিয়ে দেবে বলে মন্তব্য করেন।

দুপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সৈয়দা তাজউদ্দীন নার্সিং কলেজ-এর উদ্বোধন অনুষ্ঠানে নাসিম প্রধান অতিথি ছিলেন।

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নেছা খানম ও অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার প্রমুখ।

পরে মন্ত্রী ফিতা কেটে নার্সিং কলেজ উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ মধুসূদন চক্রবর্তী জানান, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ (জানুয়ারি ২০১৯) থেকে ওই কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। বর্তমানে প্রতি ব্যাচে এর আসন রয়েছে ১২০টি। তিনতলা ভবনের নার্সিং কলেজের নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ২৩ কোটি টাকা।