নোবিপ্রবির ভর্তি পরীক্ষা, দেড়লাখের থাকা-খাওয়ার ব্যবস্থা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও জেলা সদর এবং বেগমগঞ্জ উপজেলার ২৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুক্রবার শুরু হয়েছে। চলবে রোববার পর্যন্ত।
এখানে আসা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে আবাসন ও খাওয়ার ব্যবস্থা করেছে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। নোয়াখালীবাসীর এমন উদ্যোগে অভিভুত ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের সঙ্গে আসা অভিভাবকরা।
দ্বিতীয় দিন শনিবার ‘সি’ এবং ‘ডি’ ইউনিটে পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে।
তৃতীয় দিন রোববার ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের পরীক্ষা যথাক্রমে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম অহিদুজ্জান জানান, এবার ৩০টি বিষয়ের ১ হাজার ৩২০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৭০ হাজার ২৯৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাসহ অন্তত দেড়লক্ষ অতিরিক্ত লোক সমাগম হয় নোয়াখালী জেলা সদরে। শহরের আবাসিক হোটেল ও সরকারি বেসরকারি গেস্ট হাউসগুলোতে এই বিপুল সংখ্যক লোককে জায়গা দেওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়ে; যার কারণে অন্যান্য বছর শিক্ষার্থীদেরকে বাস টার্মিনাল, রেলস্টেশন ও সড়কে রাত পার করতে হতো। সেই অভিজ্ঞতা থেকে এবার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্যে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
এছাড়া ব্যক্তিগতভাবেও অনেকে নিজ বাড়িতে শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন।
নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, পরীক্ষার্থীদের কেন্দ্রে আনা-নেওয়ার জন্য জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুলীর পক্ষ থেকে ২০টি বাস দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ২০ হাজার বোতল খাওয়ার পানিও দেন তিনি।
তিনি আরও জানান, দলীয় নেতাকর্মীদেরকে শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
সড়কে বাড়তি চাপ সামাল দিতে ট্রাফিক পুলিশের পাশাপাশি যুব রেডক্রিসেন্ট ও পৌরসভার স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন।
সম্পূর্ণ অপরিচিত জায়গায় এসে এমন আতিথেয়তা পেয়ে মুগ্ধ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। নোয়াখালীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন সহযোগিতা পেয়ে জেলাবাসী সম্পর্কে নিজেরদের ধারণা পাল্টে গেছে বলে জানান অনেক শিক্ষার্থী।
