২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘দুই দলের গোলাগুলিতে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ বলছে, দুই দল মাদক বিক্রেতাদের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2018, 12:49 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের আল মনসুর হ্যাচাড়ী সংলগ্ন এলাকার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান।

নিহত মুফিজ আলম (২৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্বলেদা এলাকার লাল মিয়ার ছেলে।

মুফিজকে চিহ্নিত ইয়াবা বিক্রেতা দাবি করে পুলিশ বলছে, তার বিরুদ্ধে থানায় ৫/৬ টি মাদক মামলা রয়েছে।

পুলিশ সুপার বলেন, “দুদল মাদক বিক্রেতাদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মুফিজের লাশ পাওয়া যায়।”

এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচ হাজার ইয়াবা, পাঁচটি দেশীয় বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানায় পুলিশ।