গাজীপুরে ১৮ কৃষকের বীজতলা ধ্বংসের অভিযোগ
গাজীপুরে ১৮ কৃষকের শীতকালীন সবজির বীজতলা আগাছা নাশক দিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি ও গোদারচালা গ্রামের এই কৃষকরা ক্ষতিগ্রস্ত হন।
শ্রীপুর উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবা সুলতানা বলেন, আগাছা দমনের ওষুধ দিয়ে ১৮ কৃষকের বীজতলা নষ্ট করা হয়েছে। ১৮ কৃষক প্রায় ৩০ একর জমিতে শীতকালীন সবজি চাষ করার জন্য চারা বানিয়েছিলেন।
তবে ‘নাশকতাকারী’ শনাক্ত হয়নি।
টেপিরবাড়ি গ্রামের কৃষক শাহাবউদ্দিন বলেন, “আমাদের মূল জীবিকা শীতকালীন সবজি চাষ ঘিরেই। চলতি মৌসুমে সবজি চাষের জন্য আমরা মাঠ প্রস্তুত করেছিলাম। আমাদের এলাকার প্রতিটি বাড়িতেই ছিল বীজতলা। সকালে উঠে দেখি সবার বীজতলায় চারাগুলো মাটিতে শুয়ে পড়েছে।”
গোদারচালা গ্রামের শীতকালীন সবজি চাষি কুদ্দুস আলীও তাদেরই একজন।
তিনি বলেন, “আমাদের এলাকার সবার বাড়িতে এক রাতেই বিষ ছিটিয়ে বীজতলা নষ্ট করে দেওয়া হয়েছে। কে বা কারা এটা করল তা জানা যায়নি”
একই গ্রামের কৃষক মমতাজ উদ্দিন বললেন তাদের হতাশার কথা।
“চারা নষ্ট করে দেওয়ায় এখন আমাদের সামনে শুধুই অন্ধকার। নতুনভাবে চারা তৈরি করে এখন আর এই মৌসুমে সবজি চাষ সম্ভব না। এই সবজি চাষের ওপর নির্ভর করে এ এলাকার কৃষকরা জীবিকা নির্বাহ করেন।”
