যশোরে ১২৭০ বোতল ফেনসিডিলসহ আটক ২
যশোরের বেনাপোল থেকে ১২৭০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, বুধবার ভোরে বেনাপোল পৌর এলাকার বড় আঁচড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বেনাপোল বন্দর থানার দৌলতপুর গ্রামের নূর আলী মণ্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার শিবানন্দকাঠি গ্রামের এনায়েত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
বিজিবি কর্মকর্তা আরিফুল বলেন, “ভারত থেকে মাদকের একটি চালান পাচার করে আনা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।
“আটকের সময় তাদের কাছে এক হাজার ২৭০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির বেনাপোল কোম্পানির নায়েক তরিকুল ইসলাম।
