২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে নিহত ১

ময়মনসিংহ শহরে মাদকবিরোধী অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে গোয়েন্দা পুলিশের গুলিতে হত্যা, ডাকাতি, মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2018, 09:41 AM

Updated : 19 Aug 2022, 02:44 PM

রোববার রাত পৌনে ২টার দিকে শহরের কালিবাড়ী বাইলেন এসকে হাসপাতালের পেছনে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দের ভাষ্য।

নিহত শরীফ (৩২) নগরীর কেষ্টপুর দৌলতমুন্সী বাইলেন এলাকার নাজিম উদ্দিন প্রকাশের ছেলে।

ওসি শাহ কামাল বলছেন, পুলিশের করা ‘শীর্ষ মাদক চোরাকারবারিদের’ তালিকায় শরীফের নাম ছিল।

“শরীফ পুলিশের ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামি। মাদক ব্যবসা ছাড়াও সে একটি ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, মারামারি, হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে থানায়।”

ঘটনার বিবরণ দিতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওসি বলছেন, তাদের দুটি দল রোববার গভীর রাতে কালিবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে।

“এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল মো. শামীম হোসেন ও মো. সেলিম মিয়া আহত হলে তাদের জেলা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে ওসির ভাষ্য। 

এছাড়া ঘটনাস্থল থেকে ১০০টি ইয়াবা, পাঁচ কেজি গাঁজা ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।