রাজশাহীতে ১৯৮০ শিক্ষা প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন
রাজশাহী জেলায় এক হাজার ৯৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়েছে বলে জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের জানিয়েছেন।
শনিবার সকালে নগরের হেলেনাবাদ সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এর মধ্যে এক হাজার ৫৫টি প্রাথমিক বিদ্যালয়, ৯২৫টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা রয়েছে।
“বিভাগয়ি কমিশনার কার্যালয়ের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের পরিকল্পনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বঙ্গবন্ধু কর্ণার প্রতিষ্ঠা করা হয়েছে।”
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে ছিলেন।
তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর, রাজনৈতিক তথা সমগ্র জীবন সম্পর্কে বর্তমান প্রজন্মকে ধারণা দিতে রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।”
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নজরুল ইসলাম, রাজশাহী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদ আরা অনুষ্ঠানে ছিলেন।
