সিরাজগঞ্জে সরকারি ওষুধসহ আটক ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে সরকারি ওষুধসহ তিনজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম (২৮), শ্যামলীপাড়া মহল্লার আবুল প্রামানিকের ছেলে আব্দুল কুদ্দুস (২৬) ও পুঠিয়া গ্রামের বাদুল্লার ছেলে আবু সামা (৩৮)।
র্যাব ১২-এর সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার পোতাজিয়া মেডিসিন স্টোর কিপার শ্রী চিত্তরঞ্জন সাহার (৬০) সহযোগিতায় সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী চুরি করে বিভিন্ন
এলাকায় বিক্রি করে আসছিলেন আটককৃতরা।
“মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ৯৬টি সুপারডেক্স, ২০০ স্পিনোক্যান, দুই হাজার প্যান্টোপ্যারাজল, ৫০টি সেফট্রিয়াক্সন ইনজেকশন, ১২০ ব্যাগ ইউরিন, ৩৫টি কেএমএম-৩৫ ইনজেকশন, ৪০টি অ্যাসোরাল, ১০০টি ডিস্টিল ওয়াটার, ৫৮৮টি ট্রুগাট, ১৮০টি ক্যাথিটার ও তিনটি মোবাইল ফোনসেট।”
জব্দ করা ওষুধের মূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা বলে তিনি জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
