২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2018, 10:42 PM

Updated : 19 Aug 2022, 02:43 PM

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, উপজেলার সফিপুর বিশ্বাসপাড়া এলাকার জসিম উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি বিরুদ্ধে তারা এই অভিযোগ পেয়েছেন।

জসিম বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বাহাদুরপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

শিশুর পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই এলাকার দোকানি জসিম তার মুখ চেপে ধরে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে ঘটনা জানালে রাতেই মামলা হয়।

শিশুটি ওই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে। তার বাবা রাজমিস্ত্রি আর মা একটি পোশাক কারখানায় চাকরি করেন।

ওসি আলমগীর বলেন, আসামি জসিম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।