সিরাজগঞ্জে মা-মেয়ের ‘আত্মহত্যা’
সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার এসআই মোকাররম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় রিকশাচালক আব্দুল মান্নানের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মান্নানের স্ত্রী সুমি খাতুন (৪০) ও মেয়ে মালা খাতুন (১৪)। মালা রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
এসআই মোকাররম প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, এলাকায় মানিক নামে এক ছেলের সঙ্গে মালার প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন আগে বিয়ের দাবিতে সে মানিকের বাড়িতে গিয়ে ওঠে। এলাকার মুরব্বিরা তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
“এ ঘটনায় মান্নান তার স্ত্রী ও মেয়েকে মঙ্গলবার বেধড়ক মারধর করেন। এ কারণে তারা রাগে-ক্ষোভে বুধবার বিকেলে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনা তদন্ত করছে।
