২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে খাস জমি ‘দখল’, আবাসন ব্যবসায়ী কারাগারে

খাস জমি দখল ও জলাধার ভরাটের অভিযোগে গাজীপুরে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা পরিচালককে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2018, 09:08 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

গাজীপুরের বিচারিক হাকিম-১ আদালতের বিচারক ইলিয়াস রহমান মঙ্গলবার এ আদেশ দেন।

গ্রেপ্তাররা হলেন ছায়াকুঞ্জ হাউজিংয়ের মালিক কামরুজ্জামান ইসলাম কামু ও ব্যবস্থাপনা পরিচালক শহিদ রেজা।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুস সালাম বলেন, টঙ্গীর সাতাইশ এলাকার এমএ ওয়াহাব এন্ড সন্স রিয়েল এস্টেট লিমিটেডের ছায়াকুঞ্জ ৫ ও ৬ প্রকল্পের অধীনে প্রায় ১৫শ বিঘা খাস জমি দখল এবং জলাধার ভরাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ অভিযোগে চলতি বছরের ৫ জুলাই পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মুজাহিদ বাদী হয়ে কামরুজ্জামান ও শহিদের বিরুদ্ধে গাজীপুর বিচারিক হাকিম আদালতে মামলা করেন বলে জানান সালাম।

তিনি বলেন, সমন পেয়ে মঙ্গলবার আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মুজাহিদ বলেন, আসামিরা ছায়াকুঞ্জ আবাসিক প্রকল্পের নামে পাঁচশ বিঘারও বেশি খাস জমি ও জলাশয় ভরাট করেছেন। জলাশয় ভরাটের আগে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন বা রাজউক থেকে কোনো অনুমোদন নেননি।

“প্রভাব খাটিয়ে তারা এসব কাজ করে আসছিলেন।”

দখল করা এসব জমির জাল কাগজপত্র তৈরি করে ওই দুইজন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।