তাড়াশে প্রতিবন্ধী তরুণী হত্যা: ২ চাচা গ্রেপ্তার
প্রায় একমাস আগে সিরাজগঞ্জের তাড়াশে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে হত্যায় পরিকল্পনার অভিযোগে তার দুই চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সিরাজগঞ্জ শহরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান।
গ্রেপ্তাররা হলেন তাড়াশ উপজেলার দিঘুরিয়া দিয়ারপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল আজিজ (৩৮) ও তার মামাত ভাই আলী আকবর (৫৮)।
গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে তাড়াশের দিঘরিয়া দিয়ারপাড়ার মৃত তয়জাল ফকিরের প্রতিবন্ধী মেয়ে রোকসানা খাতুনকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন (১৫ সেপ্টেম্বর) তার ভাই রেজাউল করিম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর ১৭ সেপ্টেম্বর মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই।
পিবিআই কর্মকর্তা তারেক বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহতের আপন চাচা আব্দুল আজিজের সঙ্গে প্রতিবেশী আব্দুল করিম ও তার ভগ্নিপতি আতাই মিয়ার মামলা ও বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।
তারেক বলেন, প্রতিপক্ষকে মামলায় ফাঁসানোর জন্য প্রতিবন্ধী ভাতিজি রোকসানাকে হত্যার পরিকল্পনা করেন তার চাচা আব্দুল আজিজ। আর এ কাজে তিনি একটি ডাবল মার্ডার মামলার আসামি তার মামাত ভাই আকবর আলীর সহযোগিতা নেন।
“ভাড়াটে খুনি দিয়ে রোকসানাকে হত্যা করে নিজেরা মামলার বাদী হয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ১৪ সেপ্টেম্বর গভীর রাতে নিজ ঘরের মধ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয় রোকসানাকে।”
পুলিশের সঙ্গে গ্রেপ্তার আলী আকবর
“ইতিমধ্যে আব্দুল আজিজ ঘটনার দায় স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আলী আকবরও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”
অতিরিক্ত পুলিশ সুপার তারকে বলেন, “আলী আকবর পুলিশকে বলেছেন একটি ডাবল মার্ডার মামলার বাদী ও তার স্বজনদের ঘায়েল করতে তিনি এ হত্যা পরিকল্পনায় যুক্ত হয়েছিলেন।
এদিকে, কিলিং মিশনে অংশ নেওয়া চার ভাড়াটে খুনির পরিচয় শনাক্ত করতে পারলেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি এই পিবিআই কর্মকর্তা।
