২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অস্ত্রের চালান আটক, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে ছয়টি বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী বলছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2018, 11:17 PM

Updated : 11 Oct 2022, 12:40 PM

শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর সপুরায় বিসিক শিল্প নগরীতে একটি বাড়িতে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।  

গ্রেপ্তার ইমরান আলী (৪৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের ধোবড়া গ্রামের আল আমিনের ছেলে।

উদ্ধার করা হয়েছে ছয়টি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগজিন ও ৭৫ রাউন্ড গুলি।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলেন, ইমরান আর্ন্তজাতিক অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। শনিবার সে অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল।

“পথে অস্ত্রগুলো নিয়ে রাজশাহীর সপুরা এলাকার তার এক আত্মীয়ের বাড়ি গার্ডেন ভিউতে ওঠে। সেখান থেকে রাতে তার ঢাকার উদেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।”

মেজর আশরাফুল আরও বলেন, রাজশাহীর উপর দিয়ে একটি অস্ত্রের চালান ঢাকায় যাবে এ ধরনের তথ্য র‌্যাবের কাছে আগে থেকেই ছিল। র‌্যাব এ চালান ধরতে অনুসন্ধানে নামে এবং এক পর্যায়ে ইমরানকে শনাক্ত করে র‌্যাবের গোয়েন্দা দল তার পিছু নেয়। রাত ৮টার দিকে ইমরান ওই বাড়িতে প্রবেশ করলে র‌্যাব বাড়িটি ঘরে ফেলে।

“পরে র‌্যার-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল আলমসহ র‌্যাবের কর্মকর্তারা গিয়ে ওই বাড়িতে তল্লাশি করে অস্ত্রসহ ইমরানকে গ্রেপ্তার করেন।”