২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পিস্তলসহ ছাত্রলীগ নেতা আটক

রাজশাহীতে প্রতারণার অভিযোগে পিস্তলসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2018, 03:08 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

র‌্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুবুল আলম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার পালিবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক সাজ্জাদ আলী (২৫) জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দুর্গাপুর উপজেলার বেলঘোরিয়া মধ্যপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে তিনি।

শনিবার সাজ্জাদকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।

এ সময় র‌্যাব অধিনায়ক বলেন, “কয়েকটি প্রতারণার ঘটনায় র‌্যাব অভিযান চালিয়ে সাজ্জাদকে আটক করে। তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুটি গুলি পাওয়া গেছে।”

অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “সাদ্দাদ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ইতোমধ্যেই কয়েকজনের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

“এছাড়া রেলওয়ে, পুলিশের এসআই এবং অন্যান্য সরকারি সংস্থায় চাকরি দেবেন বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন।”

সাজ্জাদকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার।

তিনি বলেন, “সাজ্জাদ যে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে তা আমাদের জানা ছিল না। তার এই অপরাধের শাস্তি হিসেবে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হবে। ছাত্রলীগে এমন অপরাধীর কোনো ঠাঁই নাই।”