২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘সড়কে গাছ ফেলে ছিনতাই’, আটক ২

সিরাজগঞ্জে ‘সড়কে গাছ ফেলে’ ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 09:08 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কোনাগাতি ব্রিজের কাছে সোমবার রাতে ছিনতাই হয় এবং কড্ডা মোড় থেকে তাদের আটক করা হয় বলে সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান।

আটক রিপন সদর উপজেলার বাঐতারা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আইয়ুব আলী কামারখন্দ উপজেলার বাগবাড়ির সাত্তার আলীর ছেলে।  

ওসি দাউদ বলেন, সোমবার রাত সোয়া ১টার দিকে রাস্তায় কলাগাছ ফেলে সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে ছিনতাই করা হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়।

“পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারিরা পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা কড্ডা মোড় থেকে দুজনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।