আড়াইহাজারে গৃহবধূর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ, যার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনদের দাবি।
সোমবার উপজেলার লস্করদী মধ্যপাড়ায় নাসরিন আক্তারের (২৪) লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি এম এ হক।
নাসরিন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের সফিকুল ইসলামের মেয়ে।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, সোমবার লস্করদী মধ্যপাড়া গ্রামে নিজের ঘরে নাসরিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নাসরিনের বাবা সফিকুল ইসলাম অভিযোগ করেন, দুই বছর আগে তার মেয়ে নাসরিনের সঙ্গে ওই এলাকার খেজমত আলীর ছেলে মঞ্জুর হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মঞ্জুর বিভিন্ন কারণে নাসরিনের উপর নির্যাতন চালিয়ে আসছিলেন।
তিনি বলেন, রোববার রাতে মঞ্জুর তাদের ফোন করে বলেন নাসরিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
“কিন্তু আমার মেয়ের পা, গাল ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
তবে অভিযোগের বিষয়ে মঞ্জুর হোসেন ও তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
