২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের গ্রামে চোর ঠেকাতে রাত জেগে পাহারা

যশোরের বুরুজবাগান গ্রামের মানুষ চোর-ডাকাতের উপদ্রব ঠেকাতে লাঠি-বাঁশি ও লাইট নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 01:05 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

জেলার শার্শা উপজেলায় যশোর-বেনাপোল মহাসড়কের পাশের এই গ্রামটিতে প্রায় ২০০ পরিবার বাস করে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মোমিন।

মোমিন বলেন, আগে এখানে প্রায়ই চুরি হত। গ্রিল কেটে ভেতরে ঢুকে বাড়ির সবার হাত-পা বেঁধে সর্বস্ব লুটের ঘটনাও ঘটেছে।

“সন্ধ্যা নামলেই সবার মাঝে আতঙ্ক নেমে আসত। এখন গ্রামবাসী পালাক্রমে পাহারা দেয়। এখন সবাই ভালো আছি।”

তাদের এ কাজে শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরব হোসেন ও স্থানীয় পুলিশ সহযোগিতা করছে।

চেয়ারম্যান বলেন, প্রায় ২০ বছর আগে এখানে বসতি গড়ে ওঠে। এখন প্রায় ২০০ পরিবারের বসবাস এখানে। তারা অধিকাংশই চাকরিজীবী ও ব্যবসায়ী।

“সম্প্রতি চোরের উৎপাত ঠেকাতে ১১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা ১০-১২ জনের একেকটি দল করে প্রতিরাতে দায়িত্ব পালন করছেন।”

কমিটির সব সদস্যকে বিনা মূল্যে টর্চলাইট ও বাঁশি দেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান সোহরব।

কমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান কাকন বলেন, “আমরা লাঠি, টর্চলাইট আর বাঁশি নিয়ে পাহারা দিচ্ছি। চেয়ারম্যান সোহরব ও শার্শা থানার পুলিশ সার্বিক সহযোগিতা করছে। এখন আমরা ভাল আছি।”

এ বিষয়ে শার্শা থানার এসআই হাসান আলী বলেন, “এলাকাবাসী চোরের উপদ্রুব ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন। আমরা তাদের পেট্রোল টিমের মাধ্যমে তদারক করছি।”