গাজীপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড
গাজীপুর সিটি করপোরেশনে মালেকের বাড়ি এলাকায় ইউনিমেক্স নামে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কারখানার শ্রমিকরা বলছেন, নতুন একটি বয়লার পরীক্ষামূলক চালু করার কিছুক্ষণ পর তেলের একটি পাইপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলতে পারেনি।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে।”
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।
কারখানার প্রশাসন বিভাগের কর্মী ফারুক জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানায় দেড় শতাধিক শ্রমিক কাজ করছিলেন।
কারখানায় ছোট-বড় মিলে নানা কাজের জন্য ৪০টি মেশিন রয়েছে।
কারখানার শ্রমিকরা নাম না জানিয়ে বলেন, নতুন বয়লার পরীক্ষামূলক চালুর কিছুক্ষণ পর তেলের পাইপে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বয়লারের আশপাশে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
