২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ বছর পর মেয়েকে ফিরে পেলেন চাঁদপুরের সাত্তার

প্রায় ১৩ বছর আগে হারিয়ে যাওয়া মেয়েকে পুলিশের সহযোগিতায় ফিরে পেয়েছেন চাঁদপুরের সাত্তার ছৈয়াল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 05:39 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

জেলার পুলিশ সুপার জিহাদুল কবির বৃহস্পতিবার রাতে নারগিস আক্তার মনি নামে ২২ বছরের মেয়েকে তার বাবার কাছে বুঝিয়ে দেন।

সাত্তার সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনাঘাট এলাকার জেলে।

পুলিশ সুপার বলেন, ১৩ বছর আগে এক প্রতিবেশীর কথামত সাত্তার তার মেয়েকে গৃহকর্মীর কাজে ঢাকায় পাঠান। সেখানে নির্যাতন করায় মনি পালিয়ে যায়।

মনির বরাতে পুলিশ সুপার বলেন, মনি সদরঘাট থেকে লঞ্চে চড়ে বাড়ি ফিরতে চেয়েছিল। কিন্তু পথে আরেকজনে হাতে পড়ে। এভাবে কয়েকটি পরিবারে আশ্রয়ের পর ঢাকার এক ব্যক্তি তার পরিবারের খোঁজে নামেন। তিনি চাঁদপুরের পুলিশে যোগাযোগ করেন। পরে পুলিশ তার বাবাকে খুঁজে বের করে।

সাত্তার বলেন, “মেয়েকে খুঁজে পাব তা কখনও চিন্তাও করিনি। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ। এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না।”

মনি সাংবাদিকদের বলেন, “এই আনন্দ প্রকাশ করার ভাষা আমার জানা নেই। যাদের জন্য আমি আমার বাবা-সহ স্বজনদের কাছে ফিরে আসতে পেরেছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”