২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির দশম সমাবর্তন শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন শনিবার অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 12:57 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ কথা জানান।

এদিন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশ্ববিদ্যালয়ের দুটি দশতলা আবাসিক হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।   

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, “ছেলেদের জন্য শহিদ এএইচ এম কামারুজ্জামান হল ও মেয়েদের জন্য দেশর শেখ হাসিনা হল নির্মাণ করা হবে। ইতোমধ্যে ইলেকট্রনিক টেন্ডার হয়ে গেছে। কাজের নকশাও আহ্বান করা হয়েছে। খুব দ্রতই কাজ শুরু হয়ে যাবে।”

নিরাপত্তার স্বার্থে সমাবর্তনের দিন সকাল ১০টা থেকে ক্যাম্পাসে দুই ও তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব আবাসিক হলের গেট বন্ধ থাকবে বলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান।

এ বিষয়ে উপাচার্য সোবহান বলেন, “শনিবার আবাসিক হলগুলো থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবে না। গ্রাজুয়েট যারা নিবন্ধন করছেন তারা ছাড়া কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবে না।”

সংবাদ সম্মেলনে বলা হয়, সমাবর্তনে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। উপাচার্যের বাসভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। রাষ্ট্রপতির বিদায়ের পর বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২৪ ডিসেম্বর দশম সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়। তবে রাষ্ট্রপতির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় স্থগিত হয়ে যায়। এ বছর ২৪ মার্চ আবার তারিখ ঠিক করা হলেও একই কারণে স্থগিত করা হয়।